বাবার হাতুড়ির আঘাতে মেয়ের মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে ঈদের ছুটিতে বাবার হাতুড়ির আঘাতে মারা গেছে মেয়ে সালমা আক্তার (২৭)। 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দক্ষিণখানের কাজীপাড়া এলাকার বাসায় থাকতেন সালমা আক্তার। গত ৬ জুলাই তিনি মেয়েকে কলা খাওয়াচ্ছিলেন। তবে শিশুটি কিছুতেই খেতে চাচ্ছিল না। ক্ষিপ্ত হয়ে তিনি সন্তানকে চড় মারেন। তখন পাশেই থাকা সালমার বাবা আবদুল হাকিম মেয়ের ওপর রেগে যান। হাতের পাশেই থাকা হাতুড়ি দিয়ে তিনি মেয়ের মাথায় জোরে আঘাত করেন। এতে সালমা গুরুতর আহত হন। তাকে প্রথমে উত্তরার কেসি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরার শিন শিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। গত ৮ জুলাই মধ্যরাতে সেখানেই তার মৃত্যু হয়।