জগন্নাথপুরে মাংস বণ্টন নিয়ে সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লিতে গরুর মাংস বণ্টন নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে। 

সোমবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মা ফাতেমা মাদ্রাসা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আলতাব উদ্দিন, আব্দুল খালিছ, জীবন মিয়া, সূর্য বেগম, আব্দুল মনাফ, আহসান উদ্দিন ও আনাছ উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, মা ফাতেমা মাদ্রাসার প্রতিষ্ঠাতা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী হাজি হেলিম উদ্দিনের উদ্যোগে এদিন সকালে ২৫টি গরু জবাই করা হয়। বিকেল ৩টায় গরুর মাংস, মাথা ও পা বণ্টন নিয়ে জগন্নাথপুর উপজেলার গোতগাঁও ও নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামবাসীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গোতগাঁও গ্রামের শামীম মিয়া ও উমরপুর গ্রামের আহসান মিয়ার নেতৃত্বে দুই গ্রামবাসীর লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল সুভাশীষ ধর জানান, কুরবানির পশুর মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।