রংপুরের পীরগাছায় রানা মিয়া (২১) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার সদর ইউপির গুয়াবাড়ী এলাকার মোন্নাফ হোসেনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রানা মিয়া ঐ গ্রামের ছফের উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকাল ৮টার দিকে বাড়িতে কিছু না বলেই বেরিয়ে যান রানা। এরপর রাতেও বাড়িতে ফেরেননি তিনি। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। এরই মধ্যে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গুয়াবাড়ী এলাকার মোন্নাফ মিয়ার কচুরিপানাভর্তি পুকুরে একটি লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি রানার বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আশরাফুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।