মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনার জেরে সড়ক অবরোধ 

ঢাকা আরিচা মহাসড়কে তরা ব্রিজের উপর সেলফি পরিবহনের বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে তরা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল (২৫) ও আশিক (২৮) ও আহত হাসিবুর রহমান (২৪) ঘিওর উপজেলার রাথুরা গ্রামের বাসিন্দা। এসময় আহত অপর আরোহীকে স্থানীয় মুন্নু মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ দুর্ঘটনার পরপর স্থানীয়রা ঘাতক বাস ও অন্যান্য যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় উত্তেজিত লোকজন বানিয়াজুরি বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় ও সড়ক অবরোধ করে। 

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ট্রাফিক ইনচার্জ মো জাকির হোসেন দৈনিক ইত্তেফাককে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তরা ব্রিজে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। লাশ সদর থানায় নেওয়া হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।