চট্টগ্রামে ক্যাবল অপারেটরকে ছুরিকাঘাতে হত্যা 

নগরীর চকবাজারে সৌরভ খান সোহাগ (২৩) নামে এক ইন্টারনেট ক্যাবল অপারেটরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চকবাজার থানার মৌসুমী আবাসিকের মোড়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সৌরভ খান সোহাগ নগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজারের মাছুয়া ঝর্ণা এলাকার নুর ইসলাম সওদাগরের বাড়ির হারুনুর রশীদের ছেলে। তিনি চকবাজার থানার ডিসি রোড ফরিদ ম্যানশনে বসবাস করছিলেন। তিনি ইন্টারনেট সংযোগের ক্যাবল অপারেটর। ছুরিকাঘাতের ঘটনায় পিতা ও পুত্র দুই জনকে আটক করেছে চকবাজার থানার পুলিশ। আটক দুই জন হলেন নগরীর চকবাজার থানার ডিসি রোড হাজি মোহাম্মদ হোসেন বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. শফি (৫০) ও তার ছেলে সাকিব হোসেন (১৯)। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মৌসুমী আবাসিক এলাকায় রাস্তার ওপর সৌরভ খান সোহাগের সঙ্গে শফির ঝগড়া হয়। একপর্যায়ে সোহাগ শফিকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে হাতে থাকা লোহার পাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন শফি। মারামারির সংবাদ পেয়ে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে এসে সোহাগকে মারধর এবং একপর্যায়ে বুকে ছুরিকাঘাত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে শফি ও তার ছেলে সাকিবকে আটক করে। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, মৌসুমি আবাসিকের মোড়ে সোহাগ নামে এক তরুণকে সাকিব ও শফি নামে দুই জন ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।