বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী

সাতক্ষীরার তালা উপজেলার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার উক্ত বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুচলেকাসহ অন্যান্য বিষয়ে অঙ্গীকার সম্পাদিত হয়।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) থেকে জাঁকজমকপূর্ণ বাল্যবিয়েের প্রস্তুতি চলছিল মুড়াকলিয়া গ্রামে ঐ কিশোরীর বাড়িতে। আর আনুষ্ঠানিকতা ছিল বুধবার দুপুরে।

এলাকার কিছু সচেতন মহল ও বে-সরকারি সংস্থার কর্মীদের খবরের প্রেক্ষিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার তৎপরতায় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার রাতেই উক্ত বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুচলেকাসহ অন্যান্য বিষয়ে অঙ্গীকার সম্পাদিত হয়েছে।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।