কুমিল্লার সাইফুল ইসলামের প্রেমের টানে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর আজিমা। গতকাল মঙ্গলবার ধর্মীয় রীতি অনুযায়ী কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁওয়ে তাদের বিয়ে হয়। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।
সাইফুল ঢাকা বলেন, ‘নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব। আমার কথা মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে।’