বরগুনার তালতলী শুভসন্ধা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হয়েছেন। আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন।
বুধবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুইজন হলেন মস্তফা কাদের ও তার স্ত্রীর ভাগনি নুর আক্তার জুই (১৮)। আহতদের পরিবার সূত্রে জানা যায়, মস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত আছেন।
উদ্ধারকৃতরা হলেন মস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতির মোহাম্মাদ (৯), ও আরেক ছেলে আবদুল করিম (১৬)।
নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন। সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে তার স্ত্রীর বোনের মেয়ে জুইকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধা সমুদ্র সৈকতে ঘুড়তে আসেন। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে যান। ঢেউয়ের তোড়ে মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে নিয়ে যায় তাদের সবাইকে। পরে খোঁজা করে তিনজনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তাসহ জুই নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শী মাসুম গাজী, সবুজ পাটোয়ারী ও নাইম গাজী বলেন, এনএসআই কর্মকর্তা তার পরিবার নিয়ে সৈকতের কাছে সাঁতার কাটতে নামেন। এসময় ঢেউয়ের আঘাতে সবাই ডুবে যান। কেউ সাঁতার কাটতে জানতেন না। তাদের অন্য পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
তালতলী ফায়ার সর্ভিসের অফিসার মো. আহসান হাবিব বলেন, ‘গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন। আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে কাজ চলছে।’