পাওনা ১০০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ 

নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামে পাওনা একশ টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের কিলঘুষির আঘাতে আয়াতুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রিপন ফকির (৩৬) নামে অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১৩ জুলাই) সকালে নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ী আয়াতুল ইসলাম কুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত রিপন ফকির পার্শবর্তী কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, রিপন ফকিরের কাছে ব্যবসায়ী আয়াতুল ইসলাম একশ টাকা পেতেন। এ টাকা চাওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আজ সকালে ঝগড়ার একপর্যায়ে কিল-ঘুষির আঘাতে গুরুতর আহত হন আয়াতুল ইসলাম। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আয়াতুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে। তাকে হত্যা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’