কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট তোকায়েভ

কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে কাসাম জমার্ট তোকায়েভ ৭০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের পছন্দের উত্তরসূরি। ভোট গ্রহণের একদিন পর সোমবার দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, তোকায়েভ ৭০.৬ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরজাহান কোসানভ পেয়েছেন ১৬.২ শতাংশ ভোট।

মার্চ মাসে সাবেক প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ (৭৮) ক্ষমতা থেকে সরে দাঁড়ান। কাজাখরা তার বিদায়ে মুষড়ে পড়ে। সোভিয়েত আমল থেকে শুরু করে তিনি তিন দশক দেশটি শাসন করেন। তার সরে দাঁড়ানোয় ৩০ বছর পর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ক্ষমতাসীন দল থেকেই ৬৬ বছর বয়সী অভিজ্ঞ কূটনীতিক ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট কাশাম জমার্ট তোকায়েভ প্রার্থী হন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরো ছয়জন। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে তারা কেউই তেমন পরিচিতি নন। তাই তোকায়েভ এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

আরও পড়ুনঃ পালিয়ে গেলে ধরা কঠিন, তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস: কাদের

তবে, নির্বাচনের আগে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের এ বিক্ষোভ দমন প্রসঙ্গে তোকায়েভ বলেন, সরকারের যারা সমর্থক এবং যারা সমর্থন করছেন না উভয় পক্ষকে নিয়ে তার প্রশাসন আলোচনায় বসবে।

ইত্তেফাক/টিএস