ফুলবাড়িয়ায় যুবককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর গ্রামের কাজের মজুরির টাকা নিয়ে দ্বন্দ্বে এনামুল হককে (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত এনামুল হক কমালাপুর গ্রামের এবেদ আলীর ছেলে। খবর পেয়ে বুধবার (১৩ জুলাই) দুপুরে কমলাপুরসহ আশপাশের গ্রামে অভিযান চালিয়ে আ. মতিন (৫২) মফিদুল (৪৮) আতিক (৩৫) নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে এনামুল হকের ভাতিজি জামাই মামুনের নির্মাণ কাজের মজুরি টাকা নিয়ে একই গ্রামের চান মাহমুদের ছেলেদেরর সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এনামুলক হককে কুপিয়ে আহত করা হয়। রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বুধবার সকাল দশাটার দিকে চিকিৎসাধীন এনামুল মারা যায়।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানায়, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান চলছে। ঢাকা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসার পর থানায় অভিযোগ দিবেন বলে জানিয়েছেন।