আজ থেকে লবণযুক্ত চামড়া কিনবে ট্যানারিগুলো

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে লবণযুক্ত কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। দেশে সচল ১৫৪টি ট্যানারি রাজধানীসহ সারা দেশে একযোগে সরকারনির্ধারিত মূল্যে লবণযুক্ত চামড়া কিনবেন। গতকাল বুধবার (১৩ জুলাই) রাজধানীর ধানমন্ডি ক্লাবে অয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ। 

তিনি জানান, এরই মধ্যে কোরবানির তিন দিনে বিভিন্ন ট্যানারির মালিক যার যার মতো করে সাড়ে ৩ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছেন। এখন লবণযুক্ত চামড়া কেনার মধ্য দিয়ে এ বছর ট্যানারির মালিকরা চামড়া সংগ্রহ করবেন। এবছর গরু, মহিষ, ছাগল, ভেড়া খাসি মিলিয়ে মোট ৯৫ লাখ চামড়া সংগ্রহ করার লক্ষ নির্ধারণ করা হয়েছে।

শাহিন আহমেদ জানান, কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য কেমিক্যাল প্রয়োজন। সুপারভাইজড বন্ড-সুবিধার আওতায় ট্যানারিগুলো কেমিক্যাল সংগ্রহ করে থাকে। তাই ট্যানারিশিল্পের স্বার্থে সুপারভাইজড বন্ড বহাল রাখা ও এর সুবিধার আওতা বৃদ্ধি করা প্রয়োজন। এই সুবিধা বাড়াতে বিটিএ ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করেছে। আবেদনটি বিবেচনার জন্য তিনি সরকারের সহায়তা কামনা করেন। 

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় চামড়া শিল্পনগরীর সিইটিপির ত্রুটিবিচ্যুতি দূর করা, চামড়া খাতে ঋণের তিন বছরের সুদ মওকুফ করা, জরুরি ভিত্তিতে পরিবেশগত ছাড়পত্র নবায়ন, এলডব্লিউজি সনদ অর্জনের পদক্ষেপসহ চামড়া শিল্পনগরীর ভূমি বরাদ্দ নীতিমালা হালনাগাদ করার দাবি জানানো হয়।