পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। বুধবার (১৩ জুলাই) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ওই গৃহবধূ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ওই গৃহবধূর নাম মাহমুদা খাতুন (২৫)। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায়।
জানা যায়, কলহের জের ধরে বুধবার রাত ৯টার দিকে শ্বশুর আতোয়ার রহমান ও শাশুড়ি হামিদা বেগমের সহযোগিতায় ওই গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর শুনে হাসপাতালে গিয়ে আহত গৃহবধূর অবস্থা দেখেছি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।