সাভারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে রবিবার রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত দিপক হোসেন দিপুকে (২০) আটক করেছে পুলিশ।
অভিযুক্ত দিপু ঢাকার কেরানীগঞ্জ থানার হযরতপুর গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের দক্ষিণ সান্দারগ্রাম বেদেপাড়ায় সে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করে।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুর পিতা একজন মাছ ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় মাছ বিক্রি করে তিনি বাসায় ফেরেন। এ সময় তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়ে থাকলেও ৬ বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে তিনি মেয়ের নাম ধরে ডাকাডাকি করে আশপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীর ঘরের দিকে যান। তখন বখাটে দিপুকে ঘরের ভিতর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।
তিনি ওই ঘরের ভিতরে প্রবেশ করে শিশু কন্যা সন্তানকে উলঙ্গ অবস্থায় মেঝেতে চিৎকার করতে দেখেন। এ ঘটনায় তিনি প্রতিবেশীদের ডেকে এনে তাদের সামনে মেয়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। জবাবে ওই শিশু জানায় তাকে টাকা দিয়ে মজা কিনে দেওয়া এবং মোবাইলে গেমস খেলতে দেওয়ার কথা বলে দিপু ওই ঘরে নিয়ে আসে। তারপর ঘরের দরোজা আটকে তার সঙ্গে জোরাজুরি করতে থাকে।
আরও পড়ুন: একাদশে ভর্তির জন্য মনোনীত ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দিপুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু