সমস্যায় জর্জরিত আত্রাইঘাট রেল স্টেশন

দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে রেলওয়ে পশ্চিম জোনের আত্রাই উপজেলার আত্রাইঘাট রেল স্টেশন নানা সমস্যায় জর্জরিত। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্ল্যাটফরমের টিনের ছাউনি দীর্ঘদিন সংস্কার না করার কারণে বড় বড় ফুটোর সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই প্ল্যাটফর্মের ওপরে ঝরঝর করে পানি পড়ার কারণে যাত্রীসাধারণ ভিজে যায়। প্ল্যাটফর্মে যত্রতত্র আর্বজনা পড়ে থাকে। এতে প্ল্যাটফর্মে নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থা বিরাজ করছে।  

এছাড়া দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে ইট উঠে গিয়ে অনেক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখানে কোনো সুপেয় পানির ব্যবস্থা নেই। গোটা প্ল্যাটফর্ম জুড়ে তরিতরকারির দোকান, দেখে মনে হয় যেন এটা কোনো হাটবাজার। বিশেষ করে প্ল্যাটফরমের প্রবেশ দ্বারে মাছ বেচাকেনা হচ্ছে প্রতিদিন। ফলে যাত্রীসাধারণ প্রতিদিন দারুণ দুর্ভোগ পোহাচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই।  

ট্রেনের যাত্রী মো. ইলিয়াস আহমেদ ও ছাব্বির আহমেদ বলেন, এসব কারণে আমরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছি প্রতিনিয়ত।  

এ ব্যাপারে আত্রাইঘাট রেল স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম বলেন, স্টেশনের সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি শীঘ্রই সমস্যাগুলোর সমাধান হবে।