ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন তার। সিনেমাটি প্রমোশনের জন্য বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ায় গিয়েছিলেন এই দুই তারকা। সেখানে গিয়েই ঘটলো একটি মানবিক ঘটনা। বগুড়ায় গিয়ে আবারও মহানুভবতার পরিচয় দিলেন অনন্ত জলিল।
অনন্ত জলিল ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বগুড়ায় আমার একজন ভক্ত আছে। তার নাম রানা। যে কিনা প্রতিবন্ধী। সে আমার প্রথম সিনেমা খোঁজ: দ্য সার্চ’ দেখার পর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য নানাভাবে চেষ্টা করে আসছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি যখন রিলিজ হবে তখন আমি তার সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়িতে যাবো। সে অনুযায়ী আমি সেখানে গিয়ে আজ তার সঙ্গে দেখা করেছি। সেখানে প্রায় ১৫ হাজারের মতো মানুষ ছিলো। তাদের সঙ্গেও কুশল বিনিময় করেছি।’
এই নায়ক জানান, ‘রানা ছেলেটা বিশেষ চাহিদাসম্পন্ন। একেবারে হাটতেই পারে না। আমি তাকে কথা দিয়েছি, ওর পাসপোর্ট করিয়ে চিকিৎসার জন্য ওকে থাইল্যান্ড নিয়ে যাবো। সেই সঙ্গে আজ তাকে ক্যাশ ২ লাখ টাকা দিয়ে এসেছি। আর বলেছি যতটুকু পারো আপাতত ঢাকায় চিকিৎসা করাও। এরপর পাসপোর্ট রেডি হলে তাকে ব্যাংকক নিয়ে যাবো।’
রানার সঙ্গে দেখা করার পর রানার বগুড়ার কয়েকটি সিনেমা হল পরিদর্শনে যান অনন্ত বর্ষা। সেখানকার পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ঈদের দিন ‘দিন দ্য ডে’ মুক্তির পর থেকেই বগুড়ার সব সিনেমা হল ছিলো হাউসফুল। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।
‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।