কুমিল্লার মনোহরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সরস্বতী মালাকার (৩২) ওই গ্রামের রঞ্জিত মালাকারের (৩৫) স্ত্রী। অভিযুক্ত রঞ্জিত ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু দাস বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী রঞ্জিত ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রী সরস্বতিকে জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। ১৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১১ বছরের একটি ছেলে রয়েছে।
নিহতের ভাই মিন্টু দাস জানান, বিয়ের পর পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে সে (রঞ্জিত মালাকার) আমার বোনের সঙ্গে ঝগড়া বিবাদসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। প্রায় ৯ বছর আগে মারধর করে সে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী ইত্তেফাককে বলেন, ‘এখনো পর্যন্ত ধারণা করছি-পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্ত রঞ্জিত পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’
তপন কুমার বাকচী জানান, এ ঘটনায় নিহতের ভাই মিন্টু দাস বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।