বিশ্রামে কোহলি, ফিরলেন অশ্বিন

ওয়ানডে স্কোয়াডে আগেই রাখা হয়নি। এবার তাকে ছাড়াই ঘোষণা হলো টি-২০ স্কোয়াড। ফলে ভারত যখন জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে, তখন সেই সময়টা বিশ্রামে কাটাবেন বিরাট কোহলি।

১৮ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন রবিচন্দন অশ্বিন। গত নভেম্বরে বিশ্বকাপের পর আবারও টি-২০ দলে ফিরলেন ডানহাতি অফ স্পিনার। বাদ পড়েছেন গতিদানব উমরান মালিক।

অফ ফর্মের কারণে কোহলিকে বিশ্রাম দেওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিল। সাদা হোক বা লাল কোনো ফরম্যাটেই নিজের চিরচেনা রূপ খঁজে পাচ্ছিলেন না এই ব্যাটসম্যান। প্রায় তিন বছর ধরে সেঞ্চুরির দেখাও পাচ্ছেন না। গুঞ্জন আছে বাজে ফরমের ধারা চলতে থাকলে টি-২০ বিশ্বকাপের দলে না-ও থাকতে পারে তার নাম। এই বিশ্রাম টনিক হিসেবে কাজ করে কি না, সেটাই দেখার বিষয়।