কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখি যাত্রীদের ভিড়

ঈদের ছুটি শেষে মাদারীপুরের শিবচরে ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি ঘাট হয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। দেশের অন্য নৌ রুটের মত কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ঈদের ৬ষ্ঠ দিনেও ঢাকামুখি যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মত। 

সরেজমিনে, সোমবার সকাল থেকে নৌযানে উঠতে যাত্রীদের প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পুলিশ, র‌্যাব, আনসার, জেলা-উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

যাত্রীসেবা নির্বিঘ্ন করতে সকাল থেকে শিবচর উপজেলার নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি আল নোমান, ওসি জাকির হোসেন মোল্লাসহ একাধিক টিমও কাজ করছেন। 

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ৮৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোট ও  ১৮টি ফেরি যাত্রী পরিবহনে কাজ করছে। গত রবিবার থেকে থেকে পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে। ফেরি গুলোতে যাত্রীদের চাপ থাকলেও পরিবহনের তেমন একটা চাপ নেই।

আরও পড়ুন: চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি ঘাটের দায়িত্বরত পুলিশ পরিদর্শক (টিআই) উত্তম কুমার শর্মা বলেন, এবার ঈদে ৩ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক ঘাটগুলোতে উপস্থিত থেকে নিরাপত্তার বিষয় দেখভাল করছেন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের অতিরিক্ত পরিচালক শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি