বাংলা বানানের নিয়ম-কানুন

জিয়াউল হাসান সবুজ

সহকারী শিক্ষক

গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা বানানের বিভিন্ন নিয়ম প্রকাশ হচ্ছে। আমরা বানানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ধারাবাহিকভাবে জানার চেষ্টা করবো। আশা করছি তোমরা নিয়মিত অনুশীলন করবে। এসো দেখে নেই প্রমিত বাংলা বানানের নিচের নিয়মগুলো ।

নিচের বানানগুলো আমরা সচরাচর ভুল করে থাকি।

 

নিয়ম: ০৩

দুই বা ততোধিক শব্দের মধ্যে কখন কোনো ফাঁকা স্থান (স্পেস) না দিয়ে একসাথে লিখতে হবে সে বিষয়টি নিয়ে এর আগের পর্বে আলোচনা করেছি। কখন এক সাথে লিখতে হবে? উত্তরটা আবার মনে করিয়ে দিই- সমাসবদ্ধ শব্দ হলে। এছাড়া সাধারণভাবে লেখার সময় ফাঁকা স্থান (স্পেস) দিয়েই লিখতে হবে। তবে ফাঁকা স্থান (স্পেস) দিয়ে লেখার আরও একটা সূত্র আছে।

সেই সূত্রটি শিখে নিই।

নিয়ম:

বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না। যেমন: ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, সুনীল আকাশ, সুন্দরী মেয়ে, স্তব্ধ মধ্যাহ্ন।

লক্ষ্য করো: নিয়মটির কিছু ব্যতিক্রম আছে। সেক্ষেত্রে আমাদেরকে আবার পূর্বের নিয়মেই ফিরে যেতে হবে। অর্থাত্ সমাসবদ্ধ শব্দ হলে বিশেষণ শব্দের পরেও ফাঁকা স্থান (স্পেস) হবে না। উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন ধর সুন্দরলতা (সুন্দরী যে লতা), মহাকীর্তি (মহতী যে কীর্তি), মহাজ্ঞান (মহত্ যে জ্ঞান) প্রভৃতি শব্দ সমাসবদ্ধ বলেই একসাথে লিখতে হবে। আবার দুটি বিশেষণ পদ মিলেও একটি শব্দ হতে পারে। যেমন: কাঁচামিঠা (কাঁচা অথচ মিঠা), শান্তশিষ্ট (শান্ত অথচ শিষ্ট) ইত্যাদি।

 

নিয়ম-০৪

‘ক্ষ’ একটি যুক্তবর্ণ। ‘ক’ আর ‘ষ’ মিলেই ‘ক্ষ’ হয়। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কিছু শব্দে ‘ক্ষ’-এর পরিবর্তে ‘খ’ ব্যবহারের কথা বলা হয়েছে। এসো নিয়মটি জেনে নিই।

অতত্সম শব্দ খিদে, খুদ, খুদে, খুর (গবাদি পশুর পায়ের শেষ প্রান্ত), খেত, খ্যাপা ইত্যাদি লেখা হবে।

লক্ষ্য করো: ক্ষুধা, ক্ষুদ্র, ক্ষেত্র, ক্ষীর, ক্ষোভ ইত্যাদি শব্দের বানানে কিন্তু ‘ক্ষ’-ই ব্যবহূত হবে। কারণ এ শব্দগুলো তত্সম বা সংস্কৃত শব্দ।

আশা করছি এ ধরনের ভুল ও বিকৃতি থেকে বেরিয়ে আসার ব্যাপারে প্রথম থেকেই তোমরা সচেতন থাকবে।

(সূত্র: ভাষা শিক্ষা ও ব্যাকরণ-মাহবুবুল আলম, ভাষা প্রকাশ ব্যাকরণ ও রচনা -অধ্যাপক নিরঞ্জন অধিকারী )

নিয়মিত চোখ রাখো বাংলা বানানের নিয়ম-কানুন ফেইসবুক পেইজ গ্রুপে ও দৈনিক ইত্তেফাক এর অনুশীলন পাতায়।