কুমিল্লার মনোহরঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী রঞ্জিত মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সরস্বতী মালাকার (৩২) ওই গ্রামের রঞ্জিত মালাকারের (৩৫) স্ত্রী। অভিযুক্ত রঞ্জিত ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু দাস বাদি হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে আসামি রঞ্জিত মালাকারকে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্বামী রঞ্জিত ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী সরস্বতীকে জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সরস্বতী মারা যায়। ১৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১১ বছরের একটি ছেলে আছে।
নিহতের ভাই মিন্টু দাস জানান, বিয়ের পর পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে সে (রঞ্জিত মালাকার) আমার বোনের সাথে ঝগড়া বিবাদসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। তিনি জানান, প্রায় ৯ বছর আগে মারধর করে সে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। তিনি আক্ষেপ করে বলেন, প্রায় ৯ বছর সে আমার বোনের কোন খোঁজ খবর নেয়নি। গত ৪ মাস আগে নিজের ভুল স্বীকার করে আমার বোনকে নিয়ে আসে এবং ৯ জুলাই তার গ্রামের বাড়িতে বেড়াতে এনে তাকে খুন করে।
এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচীর নেতৃত্বে এস আই মিজানুর রহমান বৃহস্পতিবার গভীর রাতে আসামীকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু দাস বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মনোহরগঞ্জ থানার মামলা নং-০২। তারিখ-১৫-০৭-২০২২, ধারা-৩০২ পিসি। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।