দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ওয়াগন থেকে শুক্রবার ভোরে ভুট্টা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে চুরি যাওয়া ভুট্টা উদ্ধার করা হয়।
দর্শনা সি অ্যান্ড এফ ও ভুট্টা আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আতিয়ার রহমান বলেন, ঈদের আগে ভারত থেকে আমদানি করা ভুট্টা বুকিং দিয়ে দর্শনাবন্দরে রাখা হয়েছিল। ঈদের ছুটি থাকায় মাল খালাস করা হয়নি। এ সুযোগে শুক্রবার ভোরে রেলের ওয়াগন থেকে ভুট্টা চুরি হয়। এ ঘটনায় দর্শনা থানায় ১০ জনকে আসামি করে মামলা করেছি।
দর্শনা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লাবুর দাবি, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গাফিলতির কারণে এ ঘটনা ঘটতে পারে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, মামলার পর সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নিজাম আলি (৪৫) সুমন (৪০) ফজলুল হক (৪২) ও সাগর (৩০)।
দর্শনা রেলবন্দর ও আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেন্টডেন্ট মীর লিয়াকত হোসেন জানান, চুরির সঙ্গে বন্দরের কেউ জড়িত আছে কি না তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।