৩০ কিলোমিটার যানজট ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার ১৫ জুলাই সন্ধ্যার পর থেকে টানা যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী মানুষ। বঙ্গবন্ধু সেতু থেকে নগর জলফৈ পর্যন্ত ঢাকামুখী প্রায় ৩০ কিলোমিটার যানজট রয়েছে। একমুখী গাড়ির চাপে ধীর গতিতে চলছে গাড়ি। কয়েক হাত এগোনোর পর আবারও থেমে যাচ্ছে যানবাহন। 

শনিবার (১৬ জুলাই) ভোর ৬টায় সরেজমিনে দেখা যায়, এই মহাসড়কের পাশে দুইদিকে সিএনজি ও অটোরিকশার জন্য নির্মিত রাস্তায় বড় যানবাহন চলার কারণে যানজট আরও প্রকট হয়েছে। 

বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপ ভ্যান মোটরসাইকেল এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন তারা। ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী এবং শিশুরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘ভয়াবহ যানজটের কারণে হাইওয়ে পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না। কিছু কিছু চালক আইন না মেনে গাড়ি চালানোর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।’