রাজধানীর কাওরান বাজার পান্থপথ মোড়ে বাসের ধাক্কায় রিকশা আরোহী মো. ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৬ জুলাই) ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ওই যুবক রিকশা করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। সোনারগাঁও হোটেলের সামনে পৌঁছলে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে ইব্রাহীম ছিটকে পড়েন। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।