যাত্রীকে পিষে মারা পলাতক চালক রোকন আটক

রবিবার সালাউদ্দিন (৩৫) নামে যাত্রীকে পিষে মারার পর পলাতক ছিলো আলম এশিয়া পরিবহনের চালক রোকন। তাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে সালাউদ্দিন (৩৫) নামের যাত্রীকে প্রথমে মারধর, পরে চাকায় পিষে হত্যা করে রোকন। সোমবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে অভিযান চালিয়ে গাজীপুর থানা পুলিশ চালক রোকনকে গ্রেফতার করে।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ গ্রেফতারের খবর নিশ্চিত করে জানান, যাত্রীকে পিষে মারার পর থেকে পলাতক রোকন ধোবাউড়া উপজেলা আছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। তারপর সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রবিবার সকালে এ হত্যাকাণ্ডের শিকার সালাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ময়মনসিংহের ফুলপুর থেকে গাজীপুরের বাসায় যাচ্ছিলেন। বাসের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে প্রথমে তাকে মারধর করে বাসের হেলপার ও কন্ডাক্টর। পরে তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। এ সময় স্ত্রীকে না নামিয়েই বাস টান দিয়ে চাইলে সালাউদ্দিন গাড়ির সামনে দাঁড়িয়ে থামাতে বলেন। কিন্তু বেপরোয়া চালক রোকন তার ওপর দিয়েই চালিয়ে দেয় বাস। তারপর কিছুদূর গিয়ে সালাউদ্দিনের স্ত্রীর কান্নাকাটিতে তাকেও ধাক্কা ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর কিছুদূরে গাড়ি রেখে পালিয়ে যায় রোকন ও তার কন্ডাক্টর-হেলপার।

আরও পড়ুন: মানিকগঞ্জে নিখোঁজের ৪১ ঘন্টা পর ভেসে উঠলো আদিয়ার লাশ

গাজীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় সালাউদ্দিনের ছোট ভাই জালাল মিয়া বাসের ড্রাইভার, কন্ডাকটর ও হেলপারসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/নূহু