রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাস চাপায় জুয়েল রানা (৩১) নামের এক পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন স্ত্রী সুলতানা বেগম রুমা (২৬)। রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার সাঁকোয়া রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য জুয়েল রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেতুলিয়া ইউপি’র কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। ঈদ পালনে ছুটিতে বাড়িতে এসেছিলেন।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, জুয়েল রানা তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই রাজশাহী হতে নওগাঁগামী শিশির স্পেশাল ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭ বাসের চাপায় পুলিশ সদস্য ঘটনাস্থলেই তিনি নিহত হয়। সাথে থাকা স্ত্রী সুলতানা বেগম রুমা গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রুমাকে উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়।
এদিকে, দুর্ঘটনার পর বাস চালক কেশরহাট তেল পাম্পের সামনে বাস রেখে পালিয়ে গেলে মোহনপুর থানা পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে।