ইউক্রেনে কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার 

ইউক্রেনের দিনিপ্রো শহরের এক কারখানা ধ্বংস করে দিয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। এই কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শনিবার ( ১৬ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এছাড়া রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের তিনটি বিমান এবং দুইটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে রাশিয়া এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে নিরপেক্ষভাবে রুশ এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ইউক্রেনে অবস্থানরত রুশ সামরিক ইউনিটগুলোকে তাদের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। পূর্ব ইউক্রেন ও রাশিয়া নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলে হামলা প্রতিরোধ করতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৪৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।