আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১/২৩ মৌসুম এখনো চলছে। এর মধ্যেই পরবর্তী দুটি চক্রের (২০২৩/২৫, ২০২৫/২৭) ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) পরিকল্পনা প্রায় শেষ। এটি আইসিসির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় পাশ হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে তার আগেই ক্রিকইনফো দাবি করেছে, তাদের হাতে এফটিপির একটি কপি চলে এসেছে।
এফটিপিতে আগামী চার বছরে শীর্ষ নয় দল কে কার বিপক্ষে খেলবে, সেই সূচি দেওয়া হয়েছে। প্রতিটি দল মোট ৬টি করে সিরিজ খেলবে। এর মধ্যে তিনটি ঘরের মাঠে এবং তিনটি প্রতিপক্ষের মাঠে। এর বাইরে ক্রিকেট বোর্ডগুলো চাইলে নিজেদের মধ্যে আলাদাভাবে আরও ম্যাচ আয়োজন করতে পারবে।
এফটিপি অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত চক্রে ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আর সফর করতে হবে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে।
পরবর্তী চক্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। আর ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য। সফর করতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায়। ইংল্যান্ডের পাশাপাশি ঘরের মাঠে বাকি দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।