প্রাক-মৌসুমের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বার্সেলোনা ফুটবল দল। আগামী সপ্তাহে সেখানে রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামি, জুভেন্টাস ও নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে খেলবে তারা। সেই উদ্দেশে শনিবার (১৬ জুলাই) মার্কিন মুলুকে রওনা হয়েছে বার্সার পুরো টিম। কিন্তু দলের সঙ্গে যেতে পারেননি কোচ জাভি হার্নান্দেজ। বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, কাতারের আল সাদ ফুটবল ক্লাবে খেলার সময় বেশ কয়েকবার ইরান সফরে গিয়েছেন জাভি। যখন কারো পাসপোর্টে ইরানের ভিসার সিল লাগে, ওই ব্যক্তি সহজে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে না, বিশেষ অনুমতি লাগে।
শুক্রবার বার্সেলোনা সমস্যাটি সমাধান করার চেষ্টা করে এবং সক্ষমও হয়েছে বলে দাবি। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর যত বিপত্তি। সেখানে কম্পিউটার সিস্টেম জাভিকে গ্রিন সিগন্যাল দেয়নি। সোমবার সকালের আগে সমাধান করা সম্ভব নয় বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন জাভি।