নেত্রকোনার খালিয়াজুরীতে পারিবারিক কলহে বড় ভাই মিলন মিয়ার (৪২) ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান।
মিলন মিয়া ও মুক্তার মিয়া খালিয়াজুরীর কান্দাপাড়া গ্রামের কেনু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, শনিবার রাত ১০টার দিকে মুক্তার তার মা ও বোনের সঙ্গে কথার কাটাকাটি করছিলেন তাদের পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে। তারপর এ কথার কাটাকাটিতে যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোড়ে ঘুষি দেন মিলন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। অভিযোগ পেলে এ ব্যাপারে হত্যা মামলা নেয়া হবে। অন্যথায় ময়না তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।