সুজানগরে টাকা দিয়ে মোবাইলে লুডু খেলায় ঝুঁকছে যুবকরা 

জুয়ার পরিবর্তে এবার অ্যান্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলায় ঝুঁকছে পাবনার সুজানগরের যুবসমাজ। সেইসঙ্গে একশ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীও এই খেলায় আসক্ত হয়ে পড়ছে। 

খোঁজ নিয়ে জানা যায়, একসময় এলাকার ভবঘুরে যুবকদের পাশাপাশি একশ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা শখের বশে বাসা-বাড়িতে আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলতো। কিন্তু বর্তমানে ওই সব ভবঘুরে যুবক এবং শিক্ষার্থী টাকা দিয়ে জুয়ার মতো আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলছে।  

উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডের একজন ব্যবসায়ী জানান, ওই সব ভবঘুরে যুবক এবং শিক্ষার্থী উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে, বাড়ির আশেপাশের বাগানে এবং বৈঠকখানায় বসে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলে। তারা ১০০ টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা বাজি ধরে মোবাইল ফোনে লুডু খেলে থাকে। বিশেষ করে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলার বিষয়টি সুজানগর থানা পুলিশের নজরে না আসার সুযোগে তারা কখনও রাতে আবার কখনও দিনেও খেলে থাকে। 

এলাকার সচেতন মহল মনে করেন, টাকা দিয়ে লুডু খেলার কারণে উপজেলার আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিশেষ করে তারা খেলার টাকা যোগাড় করতে গিয়ে চুরিসহ আইনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। 

এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘জুয়া খেলা যেভাবেই হোক না কেন, সেটা অপরাধ। কাজেই জুয়াড়িদের ধরতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।’