টাঙ্গাইলের কালিহাতীতে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৬ জুলাই (শনিবার) সন্ধ্যায় উপজেলার সল্লা গ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার দুইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদক কারবারি, মো. শাহীন আলমের বাড়ি উপজেলার কদিম হামজানী গ্রামে।
অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, ডিবি দক্ষিণের এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার সল্লা গ্রামের একটি টেইলার্সের দোকানের ভেতর অভিযান চালান। অভিযানে পাঁচ হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।
তিনি আরও বলেন, মো. শাহীন আলম সল্লা গ্রামের মো. বিল্লাল হোসেনের বাড়ি ভাড়া করে টেইলার্স চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।