মেজর সিনহা হত্যা

মৃত্যুদন্ডপ্রাপ্ত লিয়াকত অন্য মামলায় কক্সবাজার আদালতে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে অন্য একটি মামলায় সাক্ষ্য দিতে কক্সবাজার আদালতে আনা হয়। 

টেকনাফের আব্দুল করিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দিতে তাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় রবিবার। 

এদিন বেলা ১১ টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে লিয়াকত আলী সাক্ষ্য দেন বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

লিয়াকত আলী টেকনাফ উপজেলার বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি।

গত ৩১ জানুয়ারি মামলার রায় ঘোষণার পর থেকে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ।

পিপি ফরিদ বলেন, গত ২০১৯ সালের ২৭ আগস্ট টেকনাফ থানায় দায়ের হওয়া বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার আব্দুল করিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন লিয়াকত আলী। তিনি ওই মামলার ৬ জন আসামীর জবানবন্দি গ্রহণ করেছিলেন। মামলায় নির্ধারিত দিনে সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকতকে কক্সবাজার আদালতে আনা হয়েছিল। সাক্ষ্য প্রদান শেষে বেলা সাড়ে ১২ টায় তাকে কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকাল ১০ টায় পুলিশের কড়া পাহারায় প্রিজন ভ্যানে লিয়াকত আলীকে আদালতে আনা হয়। এসময় আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

গত ৩১ জানুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল। 
এতে টেকনাফ থানার বরখাস্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অপর সাত আসামিকে খালাস দেয়া হয়েছে।

আদেশের পর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ঢাকার কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়। আর টেকনাফের আব্দুল করিম হত্যা মামলায় সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকত আলীকে শনিবার কক্সবাজার কারাগারে আনা হয়েছিল। সেখান থেকে রবিবার বিকালে তাকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা কারাগার সূত্র।