ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকনগর পাঠশালা মোড়ে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত আকাশ হোসেন (১৯) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মারমী গ্রামের মৃত ছবির হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি সোহেল হোসেন জানান, মানিকনগর পাঠশালা মোড় এলাকার ইসরাইল মোল্লার বসতবাড়িতে নির্মাণ করার সময় রাজমিস্ত্রির সহকারী আকাশ ঘরের এক কোণে পড়ে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি অরবিন্দ সরকার বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।