নেত্রকোনা পৌর এলাকার মধ্যে সাতপাই রেলক্রসিং থেকে সাতপাই গাড়া পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে থাকায় ঐ সড়কে চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে। কোথাও কোথাও এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সেখানে পানি জমে আরো সমস্যার সৃষ্টি করছে। পৌর কর্তৃপক্ষ মাঝেমাঝে ইট, সুরকি দিয়ে গর্তগুলো ভরাট করলেও কিছুদিন যেতে না যেতেই সুরকি সরে গিয়ে আবার গর্তের সৃষ্টি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন। যানবাহন চলাচলের সময় কাদা ছিটে পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে।
এলাকার বাসিন্দা হানিফ উল্লাহ আকাশ বলেন, সড়কটি দিয়ে লোকজন চলাচল করতে পারছে না। বৃষ্টি হলে আরো সমস্যার সৃষ্টি হয়। তারা পৌর কর্তৃপক্ষের সঙ্গে সড়কটি দ্রুত মেরামতের জন্য কথা বলেছেন বলেও জানান।
নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এম মহসিন আলম বলেন, সড়কটি নতুন করে নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং অচিরেই সংস্কারকাজ করা হবে।
পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, পৌর এলাকার বেশ কয়েকটি সড়ক নতুন করে নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।