চিতলমারীতে দাবদাহে ফসল নষ্টের আশঙ্কা

ভরা বর্ষায় চিতলমারীতে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রোদে চৌচির হচ্ছে ফসলের খেত। শুকিয়ে যাচ্ছে অনেক খেতের ফসল। এতে ফসল নষ্টের শঙ্কায় হতাশ হয়ে পড়েছেন সবজি চাষিরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার অধিকাংশ চিংড়ি ঘেরের পাড়ে ও অনাবাদি জমিতে ব্যাপকভাবে শসা, করলা, লাউ, কুমড়াসহ নানা ধরনের বর্ষাকালীন সবজি আবাদ করা হয়েছে। এসব ফসল বর্ষা নির্ভরশীল হওয়ায় বৃষ্টির অভাবে বিপাকে পড়েছেন চাষিরা।

উপজেলার শ্যামপাড়া গ্রামের সবজিচাষি নির্মল মণ্ডল, অসীম মণ্ডল, সুরসাইল গ্রামের সজল মণ্ডল, হাবিবুল্লাহ বিশ্বাসসহ অনেকে জানান, রোদে সবজিখেতের গাছ পুড়ে যাচ্ছে। এমন আবহাওয়া আগে কখনো দেখেননি তারা। খেতে পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস জানান, জলবায়ু পরিবর্তনের একটা বিরূপ প্রভাব পড়েছে। ফলে ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি হচ্ছে না তেমন। এ বছর উপজেলায় ৬০০ হেক্টর জমিতে শসা ও ২০০ হেক্টর জমিতে করলাসহ বিভিন্ন জমিতে বর্ষাকালীন সবজি আবাদ করা হয়েছে। এখানকার সবজি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাহিদা মিটিয়ে আসছে। কিন্তু আবহাওয়া এমন চলতে থাকলে চাষিদের ফলনে ঘাটতি দেখা দিবে।