আজ
চ্যানেল: চ্যানেল আই
সময়:সন্ধ্যা ৭টা ৪০ মিনিট
তুহিন হোসেনের পরিচালনায় টেলিফিল্ম ‘চুল তার কবেকার’। চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৭টা ৪০ মিনিটে। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, সারিকা, লুত্ফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ।
রাশেদের চুল পড়ে যাচ্ছে। সদ্য গ্রাজুয়েশন করে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া শুরু করেছে সে। হয়েও যাবে বলে তাঁর ধারণা। কারণ সে স্টুডেন্ট ভালো, স্মার্ট, সামাজিক নেটওয়ার্কেও মন্দ নয়। কিন্তু চাকরি হওয়ার আগেই চুল পড়তে পড়তে কপাল বড় হয়ে চাঁদি দেখা যাওয়ার ফলে তাঁকে সাংঘাতিক ভাবিয়ে তুলেছে। রোজ হাজার বার আয়না দেখে সে। বালিশ পরীক্ষা করে দেখে কতগুলো চুল পড়ল। আর গোসলের পর তোয়ালে লেগে থাকা চুল দেখে দীর্ঘশ্বাস ফেলে। আর প্রতিদিন মাপে কপালের চুলের রেখা আর কতটুকু ওপরের দিকে উঠল। তাঁর এই অবস্থা নিয়ে হতাশা বহুগুণে বাড়িয়ে দিতে শুরু করলো বন্ধু-বান্ধব, পরিচিতদের ‘টাক হয়ে যাচ্ছিস তো, চাঁন্দি তো চকচক করতেছে মামা’—এ রকম কথা শুনতে শুনতে দুশ্চিন্তায় তাঁর চুল পড়ার হারও বেড়ে যায়।
রাশেদ চিকিত্সা শুরু করে। ডাক্তারের কাছে যায়। ওষুধ ব্যবহার করতে শুরু করে। কিন্তু বিশেষ লাভ হলো না। ক্রমবর্ধমান টাক হওয়া কমার কোনো লক্ষণই নেই। কেউ পরামর্শ দেয়, অ্যালোপ্যাথিতে হবে না, হোমিওপ্যাথি হলো এর আদর্শ চিকিত্সা। সে যায় ধোলাইখাল হোমিও দাওয়াখানা থেকে ওষুধ নিতে। সে এক বিচিত্র অভিজ্ঞতা। সেই ওষুধ ব্যবহার করতে গিয়ে তাঁর চুল পড়া বন্ধ তো হলোই না, উপরন্তু মুখে আর মাথায় বিচির মতো দানা উঠে তাঁকে আরো চিন্তিত করে তোলে। শেষে সে ইন্টারনেট আর ইউটিউব ঘাটাঘাটি করে যা যা টোটকা আছে সব একেক করে চেষ্টা করে দেখতে শুরু করে। কিন্তু কিছুতেই কিছু হয় না। হতাশা বাড়তে বন্ধুরা বলতে শুরু করে, প্রেম ট্রেম আর হবে না ওর। টাকলা ছেলেদের মেয়েরা পছন্দ করে না। রাশেদ চূড়ান্ত হতাশ।