তিন ম্যাচের সফরসূচি নিয়ে জাপান পৌঁছেছে পিএসজি

স্থানীয় ক্লাবের সঙ্গে তিনটি ফুটবল ম্যাচ খেলতে আজ জাপান পৌঁছেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেখানে শক্তিশালী সূচনার আশা করছেন নতুন কোচ ক্রিস্টোফে গালটিয়ার।

১০ দিনের এই জাপান সফরকালে জে লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টাল, উরাওয়া রেডস ও গাম্বা ওসাকার বিপক্ষে খেলবে কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও লিওনেল মেসিকে নিয়ে আক্রমণভাগ সাজানো প্যারিস জায়ান্টরা।

সেখান থেকে ইসরাইলে যাবে পিএসজি। তেল আবিবে তারা ফ্রেঞ্জ সুপার কাপে প্রতিদ্বন্দ্বিতা করবে চ্যাম্পিয়ন নঁতের বিপক্ষে। এই গ্রীষ্মে মরিসিও পচেত্তিনোর কাছ থেকে প্রধান কোচের দায়িত্ব নেওয়া নিসের সাবেক কোচ গালটিয়ার প্রথমবারের মতো পিএসজিকে নিয়ে ময়দানি লড়াইয়ে নামতে যাচ্ছেন। 

টোকিওতে এক সংবাদ সম্মেলনে পিএসজির এই নতুন কোচ বলেন,‘ বেশ শক্ত প্রতিপক্ষের সঙ্গে আমাদেরকে তিনটি ম্যাচ খেলতে হবে।’ আনুমানিক শতাধিক সাংবাদিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 
তিনি বলেন, ‘শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে থাকে জাপানীরা। খেলোয়াড়রাও বেশ কৌশলী ও  ক্ষীপ্রগতি সম্পন্ন। আশা করি তেলআবিবে আসন্ন ফ্রেঞ্চ সুপার কাপের জন্য এটি হবে চমৎকার প্রস্তুতি।’

২৫ জন খেলোয়াড় নিয়ে পিএসজির দলটি স্থানীয় সময় দুপুরের আগমুহূর্তে টোকিওর হানেদা বিমান বন্দরে অবতরণ করে। জাপান সফরকালে একটি নতুন একাডেমীর উদ্বোধন এবং ফুটবল ক্লিনিকেও অংশ নেয়ার কথা রয়েছে ফরাসি জায়ান্টদের। 

আগামী বুধবার টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জে লিগ চ্যাম্পিয়ন কাওয়াসাকির মোকাবেলা করবে পিএসজি। আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি বলেন, ‘জাপানি ফুটবল কিছু বড় পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে। তারা খুবই সংগঠিত ও প্রতিদ্বন্দ্বী। শারীরিকভাবেও তারা বেশ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।’