দীর্ঘ ২৭ বছর পর আগামী ২১ জুলাই হওয়ার কথা ছিল দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেন। তবে দলীয় কোন্দলের কারণে শেষ মুহূর্তে এসে স্থগিত করা এ সম্মেলন। রবিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার জানান, সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ সম্মেলন স্থগিত করেছেন।
দলীয় একটি সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কয়েকটি গ্রুপে বিভক্ত হওয়া, ইউনিয়ন কমিটি নিয়ে এমপির গাড়ি দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. রুহুল আমিনকে লাঞ্ছিত করা, সর্বশেষ দেবিদ্বারের একটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দলীয় কোন্দল চরম পর্যায়ে পৌঁছে যাওয়ায় এ সম্মেলন স্থগিত করা হয়েছে।
এদিকে, দীর্ঘ ২৭ বছর ঝিমিয়ে থাকার পর সম্মেলনের খবরে প্রাণ ফিরে পেয়েছিল দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দোকানপাটের আড্ডায়ও চলছিল এ নিয়ে নানা আলোচনা সমালোচনা। এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামেও চলছিল সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি। শেষ মুহূর্তে এসে দলীয় কোন্দলে সম্মেলন স্থগিত হওয়ায় অনেকে হতাশ হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে পদপ্রত্যাশী কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২১ জুলাই সম্মেলন হওয়ার কথা। কিন্তু শেষ সময়ে এসে সম্মেলন স্থগিত হওয়াটা মেনে নেওয়া যায় না। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তি না নেওয়ায় দলে একের পর এক ঘটনা ঘটছে। দলীয় কোন্দল নিরসন করে দ্রুত সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করার দাবি জানাচ্ছি। দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান বলেন, স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান দুই গ্রুপের চলমান কোন্দল নিরসন না হওয়া পর্যন্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।
এদিকে, জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে এমপি ও উপজেলা চেয়ারম্যানের হাতাহাতির ঘটনায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বারের বাগুর এলাকায় অবরোধ করেছে চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতা-কর্মীরা। এসময় তার অনুসারীরা ঝাঁড়ু হাতে নিয়ে আবুল কালাম আজাদের ওপর হামলার প্রতিবাদ জানায়। অপরদিকে, একই ঘটনায় দেবিদ্বার নিউ মার্কেটের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেয়ারম্যানের সমর্থকরা প্রতিবাদ মিছিল বের করলে এমপি রাজী ফখরুলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ককটেল বিস্ফোরণের আওয়াজও শোনা যায়। এ ঘটনায় ৭/৮ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি কমল কৃষ্ণ ধর। তবে ঘটনার পর থেকে পুরো দেবিদ্বারে থমথমে অবস্থা বিরাজ করছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আবদুল আওয়াল বলেন, ২১ জুলাই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের চলমান কোন্দল নিরসনে সমঝোতা সভা হবে। সভায় কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। আশা করি ওই সভায় সব কোন্দল নিরসন হয়ে সমঝোতা হওয়ার পর সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার বলেন, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এখনও কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।