ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে দাশুড়িয়া অভিমুখী একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়।
সিএনজি ও প্রাইভেটকারের চালক ও যাত্রীসহ ৬ জন আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে সিএনজির চালক মেহেদি হাসান মিঠুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ৮টায় নাটোরের বনপাড়ায় মারা যান।
মিঠু উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
পাকশী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন ইত্তেফাককে জানান, নিহত মেহেদি হাসান মিঠুর লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।