বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে। এই তো কিছুদিন আগেও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর বেশ আলোচনা-সমালোচনা হয়েছে এ নিয়ে। অনেকেই সমস্যাটা দেখছেন গোড়াতে। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের খেলোয়াড়দের লাল বলে অভিজ্ঞতা খুবই কম। আবার কারো কারো ক্ষেত্রে নেই বললেও চলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ওয়ানডে ফরম্যাটে হওয়ায় দৃষ্টিটা সেদিকেই থাকে। তবে ওয়ানডেতে মনোযোগ রাখার পাশাপাশি লাল বলেও যুবাদের প্রস্ত্তত রাখতে চান অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ স্টুয়ার্ট ল।
২০২৪ যুব বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ৪০ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে শুরু হয়েছে যুবাদের ক্যাম্প। তিন সপ্তাহের ক্যাম্প শেষে কমিয়ে আনা হবে স্কোয়াডের সংখ্যা। আগামী বছরের জুন পর্যন্ত তিনটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন যুবা টাইগাররা। সিরিজে থাকবে চার দিনের ম্যাচও। পরের ছয় মাস কেবল বিশ্বকাপকে লক্ষ্য রেখেই পরিকল্পনা সাজানো হবে। এর আগে জাতীয় দলের হেড কোচ, যুবা দলের পরামর্শক হিসেবে বিসিবিতে কাজ করেছেন ‘ল’।
কোচিংয়ের জগতে বেশ পুরোনো মানুষ সাবেক এই অজি ক্রিকেটার। তাই সেরা ক্রিকেটার কীভাবে বের করে আনতে হয় তা ভালোই জানা তার। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপ মূলত ওয়ানডে ক্রিকেটকে কেন্দ্র করে। তবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমরা লঙ্গার ফরম্যাটের ম্যাচও খেলব। আমি মনে করি, তরুণ খেলোয়াড়দের উন্নতির জন্য লঙ্গার ফরম্যাটে খেলা গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস সেই খেলা থেকে শিখেই সেরা খেলোয়াড়রা উঠে আসে।’