২২তম কমনওয়েলথ গেমস

বার্মিংহামে পতাকা থাকবে মাবিয়ার হাতে

আগামী ২৮ জুলাই ইল্যান্ডের বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। ডাক নাম সীমান্ত।

২০১৬ ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত এস এ গেমসে যখন বাংলার ক্রীড়াবিদরা স্বর্ণ জয়ের খবর দিতে পারছিলেন না, হতাশায় পুড়ছিলেন অলিম্পিক কর্মকর্তারা। ঠিক সেই সময় স্বর্ণ জয়ের খবরটা দিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেছিলেন তিনি। সেদিনের স্বর্ণ জয়ের ছবি সম্প্রচার হয়েছিল টিভির পর্দায়। জাতীয় সংগীত বাজছিল। পোডিয়ামে দাঁড়িয়ে স্বর্ণকন্যা মাবিয়া অঝোরে কাঁদছিলেন। দেশের মানুষের হূদয় ছুঁয়ে গিয়েছিল সেই দৃশ্য।

মাদারীপুরের মেয়ে, ঢাকার খিলগাঁওয়ে বেড়ে উঠেছেন। সেখান থেকে অনেক কষ্ট করে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে অনুশীলন করতেন। স্বপ্ন দেখতেন একদিন দেশ জুড়ে তার নাম ছড়িয়ে পড়বে। গৌহাটিতে স্বর্ণ পদক জয় ছাড়াও আন্তর্জাতিক আসর থেকেও পদক উপহার দিয়েছেন মাবিয়া। পেয়েছেন অন্যন্যা শীর্ষদশ সম্মাননা। বার্মিংহাম কমনওয়েলথ গেমেস পতাকা বহন করার সুযোগ মাবিয়াকে অনন্য উচ্চতায় নিয়ে গেল।