মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরেক মাছ ব্যবসায়ীসহ দুজন। সোমবার (১৮ জুলাই) সকালে সিরাজদিখানের নিমতলী সিংগারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে মাছ নিয়ে সিরাজদিখানে আসছিল সিএনজিচালিত অটোরিকশা। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী দ্রুতগতির এসএস পরিবহন অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী উৎপল দাস। আহত হন আরেক মাছ ব্যবসায়ী ও অটোরিকশা চালক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা  হয়েছে।