স্পোর্টস ডেস্ক
বিরাট কোহলি তখন উইকেটে। ভারতীয় দর্শকদের গ্যালারি থেকে তখন হঠাত্ করেই ‘চিটার... চিটার’ বলে দুয়োধ্বনি শোনা গেল। তাদের তীর স্টিভেন স্মিথের দিকে। ক্ষেপে গিয়ে এগিয়ে আসলেন বিরাট। হাত দিয়ে ইশারায় নিজেদের সমর্থকদের বলে দিলেন, দুয়ো নয়, স্মিথরা হাততালির যোগ্য দাবিদার।
ক্রিকেট মাঠে ‘স্পোর্টসম্যানশিপ’-এর এমন অনন্য নজির রোজ রোজ দেখা যায় না। এই ঘটনার পর তাই স্বয়ং স্টিভেন স্মিথই এসে প্রথম হাত মিলিয়ে যান বিরাট কোহলির সাথে। শুধু সমর্থকদের থামিয়ে দেওয়াই নয়, বিরাট কোহলি নিজেই ভক্তদের হয়ে ক্ষমা চেয়ে নিলেন স্মিথের কাছে।
কোহলি বলেন, ‘স্মিথ যা করেছিল, তার সাজা সে পেয়েছে। কিন্তু এখন ও ফিরে এসেছে। আর সেটা অনেক পরিশ্রমের পর। ওর এই অর্জনটাকে আমার মনে রাখতে হবে। আর এখন নিজের দলের হয়ে ভালো খেলছে। যেহেতু অসংখ্য ভারতীয় ফ্যানরা এখানে রয়েছেন, আমি চাই না তারা কোনো খারাপ উদাহরণ তৈরি করুক। আমার মতে, ও এমন কিছু করেনি যার জন্য ওকে বিদ্রূপ করা যায়।’
তিনি মনে করেন, দর্শকদের মাঠে আচরণের ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত্। বললেন, ‘আমার খুব খারাপ লাগছে। যদি আমিও ওরকম কিছু করে ওরকম পরিস্থিতিতে পড়তাম, তাহলে ক্ষমা চেয়ে নিতাম ও মেনে নিতাম। এবং তারপর ফিরে এসেও যদি আমাকে বিদ্রূপের সম্মুখীন হতে হত, সেটা আমি মোটেই পছন্দ করতাম না। আমি মনে করি, ভারতের সমর্থকদের সব জায়গায় দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত্। আমার দেশের সমর্থকদের কেউ মন্দ বলুক, সেটা আমার মোটেও পছন্দ নয়।’
বিরাট কোহলির এই আচরণ ও ম্যাচ শেষে তাঁর বক্তব্য বিশ্বজুড়ে ক্রিকেট সমঝদারদের মন জিতে নিয়েছে। শুধু মন জয়ই নয়, কোহলিরা ম্যাচও জিতে নিয়েছে।
কেনিংটন ওভালে টস জিতে আগে ব্যাটিং করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে ভারত। ধাওয়ান সংগ্রহ করেছেন ১১৭ রান। এ ছাড়া দলের হয়ে অধিনায়ক বিরাট কোহলি ৮২ এবং ওপেনার রোহিত শর্মা ৫৭ রান সংগ্রহ করেন। সব উইকেট হারিয়ে ৩১৬ রানে থামে অস্ট্রেলিয়া ইনিংস। ভূবনেশ্বর কুমার এবং বুমরাহ তিনটি করে এবং জুুযবেন্দ্র চাহাল শিকার করেন দু’টি করে উইকেট।
টানা দুই জয়ে এখন দারুণ ফুরফুরে মেজাজে আছে বিরাট কোহলির দল। আগামী বৃহস্পতিবার, ১৩ জুন ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে ব্ল্যাক ক্যাপরা। আর আগামীকাল পাকিস্তানের মোকাবিলা করবে অজিরা।