নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলা সহকারী কমিশনার আতিকুল ইসলামের নেতৃত্বে তারাবো পৌরসভার বরপা এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৩ কিলোমিটার এলাকা বিস্তৃত ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা ও সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিকেলে অভিযান শেষে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা সাংবাদিকদের জানান, অবৈধ সংযোগ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। ইতিমধ্যে সারাদেশে ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিতাসের চার কর্মকর্তাকেও সাসপেন্ড করা হয়েছে।