স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও (অ্যাডিশনাল পার্সোনাল অফিসার) পরিচয়ে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঐ প্রতারকের নাম রাসেল মিয়া। 

সোমবার রংপুর কোতোয়ালি এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ও দুটি সিম, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয়কারী ১৬টি ভিজিটিং কার্ড ও একটি সিল জব্দ করা হয়। মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ। 

তিনি বলেন, মো. রাজ বিন রাসেল তালুকদার নাম দিয়ে এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর ছবি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ফেসবুকে ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করেন। এই পরিচয় দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চাকরির প্রলোভন, বিভিন্ন রাজনৈতিক সমস্যার সমাধান, পুলিশে লোক নিয়োগ, পুলিশ ক্লিয়ারেন্স, বদলি, এলাকার মামলা নিষ্পত্তি সংক্রান্ত তদবিরের কথা বলে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন।

তিনি আরও বলেন, এক ভুক্তভোগীর অভিযোগে সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, গ্রেফতারকৃত রাসেল রংপুর পীরগঞ্জের বাসিন্দা।