জমি নিয়ে বিরোধ

নবাবগঞ্জে ভাইয়ের পাকাঘর গুঁড়িয়ে দিল ভাই

নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের পশ্চিম চক বাহ্রা এলাকায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই সহোদরের মধ্যে বিরোধ চলছিল। ফাঁকা বাড়িতে ঐ এলাকার মৃত শাহজানের ছেলে ওমান প্রবাসী মো. শামীমের পাকা বসতঘর ও আসবাবপত্র শুক্রবার সকালে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তার সহোদর শহিদুল ইসলাম। 

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে প্রবাসী শামীমের স্ত্রী পারুল বেগম স্থানীয় সংবাদকর্মীদের এ বিষয়ে অভিযোগ করেন। এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে শহিদুল ইসলামকে একাধিক বার তার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি।

এ ঘটনায় শামীমের ছোট ভাই উসমান বলেন, বড় ভাই শামীম ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে ঘর তৈরি করে দীর্ঘদিন বসত করে আসছিলেন। কিন্তু মেজ ভাই শহিদুল ঐ ঘরের জমি নিজের বলে দাবি করেন। এই নিয়ে জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ একাধিকবার গ্রাম্য সালিশি করে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু মেজ ভাই শহিদুল কারো কথা না শুনে শুক্রবার সকালে শামীমের পাকা বসতঘর ও ঘরের সকল আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেন।

এ বিষয়ে বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া বলেন, সামাজিকভাবে বসে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা তা মানেন নি।