সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা। 

সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ঐ দুই টিকিট কালোবাজারিকে স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ঢাকাগামী রংপুর, নীলসাগর ও খুলনাগামী রুপসা ট্রেনের সাতটি টিকিট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো—বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মানিক ঢালী (৩২) ও একই মহল্লার মোহাম্মদ মামুন (৩০)। 

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী বলেন, টিকিট কালোবাজারির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার সদস্য শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।