চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ওভারটেক করতে গিয়ে ট্রাক ধাক্কায় নিহত হয়েছেন শিমুল শীল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (১৯জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সড়কের রাউজান উপজেলার ব্রাহ্মণহাট এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপম দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন শিমুল শীল (৪০)। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২ নম্বর ওর্য়াডের পাল পাড়া  মৃত পরিমল শীলের পুত্র।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাহাড়তলীর দিকে আসা মোটরসাইকেলটি ব্রাহ্মাণহাট এলাকায় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক হতে আসা শহরমুখী একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী গাড়ি হতে সড়কের পাশে সজোরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপম দাশ বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করছি।