ইউক্রেনের পার্লামেন্ট মঙ্গলবার (১৯ জুলাই) দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তাদের মধ্যে এক কর্মকর্তা জেলেনস্কির বাল্যবন্ধু।
অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান এবং প্রসেকিউটর জেনারেলকে পদচ্যূত করা হয়েছে। ইউক্রেনের পার্লামেন্ট মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা ইউক্রেনের ভিতর ছড়িয়ে থাকা রাশিয়ার গুপ্তচরদের চিহ্নিত করতে পারেনি। বস্তুত, দুই দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দুই কর্মকর্তাকে সাসপেন্ড করেছিলেন। তারপরেই বিষয়টি পার্লামেন্টে যায় এবং সেখানে ভোটাভুটির মাধ্যমে তাদের পদচ্যূত করা হয়।
ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ইভান বাকানোভের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভোট পড়েছে পার্লামেন্টে। ভোটাভুটির পর টেলিগ্রামে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাংসদরা। প্রসেকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকটোভার বিরুদ্ধেও প্রচুর ভোট পড়েছে। বাকানোভের সহকারী অফিসারকেও এ দিন সাসপেন্ড করেছেন জেলেনস্কি।
পূর্ব ইউক্রেনের বেশ কিছু অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে। সেখানে রাশিয়ার বিভিন্ন এজেন্সির সঙ্গে এই দুই কর্মকর্তার সম্পর্ক নিয়েও অভিযোগ উঠেছে। বাকানোভ জানিয়েছেন, বেশ কিছু ভুল পদক্ষেপ তিনি নিয়েছেন। তবে তা অনিচ্ছাকৃত। নিজের কেরিয়ারের রেকর্ড নিয়ে তিনি যথেষ্ট গর্বিত বলেও এদিন একইসঙ্গে জানিয়েছেন তিনি।